বার্তা সংস্থা আবনা : ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরানি জাতি পরমাণু প্রযুক্তিসহ অন্য সব খাতে নিজ অধিকার আদায়ের জন্য যে কোনো চাপ ও হুমকি প্রতিরোধ করবে।
অর্থনৈতিক অবরোধসহ নানা চাপ সৃষ্টির মাধ্যমে ইরানি জাতিকে ইসলামী সরকারের ওপর ক্ষিপ্ত করার যে কৌশল মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা গ্রহণ করেছে তা ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।
আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় তিনি এইসব মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, আমেরিকা ইরানি জাতির ওপর আরো বেশি চাপ সৃষ্টির জন্যই আলোচনার প্রস্তাব দিচ্ছে, কিন্তু ইরানের জনগণ পশ্চিমা নিষেধাজ্ঞাসহ নানা চাপ ও হুমকি কঠোরভাবে মোকাবেলা করে শত্রুদের হতাশ করবে।
ইরানে ইসলামী বিপ্লবের ৩৪ তম বিজয় বার্ষিকী উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত দেশব্যাপী গণ-শোভাযাত্রায় গত বছরের চেয়েও সর্বস্তরের জনগণের প্রায় তিন গুণ বেশি উপস্থিতির কথা তুলে ধরে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, এমনকি কোনো কোনো মার্কিন কর্মকর্তাও বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় ইরানি জনগণের বিপুল ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, একজন মার্কিন কর্মকর্তা প্রকাশ্যেই বলেছেন যে, ইরানের এই শোভাযাত্রায় অতীতের চেয়েও বেশি জনগণের উপস্থিতি প্রমাণ করেছে যে এই জাতির ওপর যত বেশি চাপ দেয়া হয় তারা তত বেশি প্রতিরোধকামী ও দৃঢ়তর অবস্থান নেন।
খাতামি বলেছেন, এই শোভাযাত্রা ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার কর্তৃত্বের প্রতি ও ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি জনগণের সমর্থনকে নবায়ন করেছে।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আরো বলেছেন, বাহরাইন ও ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি অত্যন্ত স্পষ্ট, আর তা হল, বাহরাইন ও ফিলিস্তিনের জনগণকে তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকার তথা ভোট প্রদানের অধিকার দিতে হবে।
তিনি এ প্রসঙ্গে আরো বলেন, বাহরাইনের রাজা আলে খলিফা ও তার পরিবার বাহরাইনের নাগরিক নন, তারা সৌদি আরব থেকে এই দেশে এসে বাহরাইনিদের ওপর স্থায়ীভাবে রাজতন্ত্র চাপিয়ে দিতে পারেন না। বাহরাইনিদের অব্যাহত গণ-আন্দোলনের মুখে ইরানের শাহের মতই নিপীড়ক আলে খলিফা সরকারের পতন ঘটবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
আয়াতুল্লাহ খাতামি সিরিয়া প্রসঙ্গে বলেছেন, আমেরিকা ও তার সহযোগীরা ভেবেছিল সিরিয়ায় সন্ত্রাসী ও অস্ত্র পাঠিয়ে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে, কিন্তু তাদের সেই লক্ষ্য অর্জিত হয়নি, বরং তারা এখন স্বীকার করছেন যে কেবল সিরিয়দের সঙ্গে সিরিয়দের সংলাপই দেশটির সংকট সমাধান করতে পারে, বাইরের হস্তক্ষেপ নয়। #রেডিও তেহরান